রাজশাহী-৬

স্বতন্ত্র প্রার্থীসহ আওয়ামী লীগের দুই নেতাকে শোকজ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২১

আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানসহ দুই আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শুক্রবার রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো: সেফাতুল্লাহ তাদের শোকজ করে চিঠি দিয়েছেন। একই সঙ্গে আগামী রোববার স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে তাদের আদেশ দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, আচরণবিধি অনুসারে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত দলীয় অথবা স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে কোনো ব্যক্তি প্রতীক বরাদ্দের আগে কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল বের করতে পারবেন না। এমনকি কোন প্রকার মহড়া ও সমাবেশ করতে পারবেনা।

রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক গত সোমবার বিকেলে বাঘার তেঁথুলিয়া বাজারে দুই শতাধিক কর্মী নিয়ে শোডাউন ও সমাবেশের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর সভার মেয়র আক্কাছ আলী।

এ অভিযোগে তাদের তিনজনকে পৃথক চিঠিতে শোকজ করা হয়েছে। এছাড়া নোটিশে আক্কাছ আলীর পৌরসভার সরকারি মোটরসাইকেল ব্যবহার এবং লাভলুর উপজেলা পরিষদের সরকারি গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে রায়হানুল হক রায়হান বলেন, ধার্য তারিখে জবাব দিব। আর লায়েব উদ্দিন লাভলু বলেন, আমি সরকরি গাড়ি ব্যবহার করিনি। তেঁথুলিয়ার প্রোগ্রামে ছিলাম। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।

ইত্তেফাক/জেডএইচডি