নোয়াখালীর চাটখিলে নিজের পিস্তলের গুলিতে ওমর ফারুক দিদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মলনমুড়ি গ্রামের জাগরনী যুব সংঘ ক্লাবে এ ঘটনা ঘটে। আহত দিদার উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুস্তাফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জাগরনী যুব সংঘ ক্লাবে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা, জহির উদ্দিন পলাশ, কামাল হোসেনসহ ১৫/২০ জনের বৈঠকে ছিলেন দিদার। এ সময় পকেটে থাকা অবৈধ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে অসতর্কতাবশত সেটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। ঘটনার পর পুলিশ এলে ক্লাবে তালা মেরে সবাই পালিয়ে যায়। তবে সেখান থেকে গুলির খোসা, রক্তাক্ত প্যান্টসহ আলামত জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সরকারদলীয় এক নেতার দাবি, এক প্রভাবশালী ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তিনি এলাকায় ৪০ থেকে ৫০টি অবৈধ অস্ত্র কিনে নির্বাচনে নাশকতা সৃষ্টি এবং সরকার দলীয় প্রার্থীর পক্ষের লোকজনকে জিম্মি করার পরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনা করছেন।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক জানান, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
