বাড্ডায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:১৩

রাজধানীর বাড্ডায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম সালমান খান (১৬)। শনিবার বিকালে বাড্ডার ময়নারবাগ জামে মসজিদের কাছে এই ঘটনা ঘটে। সালমান বাড্ডার স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত সালমানের বড় ভাই মেহেদী হাসান জানান, তারা বাড্ডার ময়নারবাগ এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার ছোট ভাই সালমান শনিবার বেলা সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হয়। পরে বাসার কাছে অজ্ঞাত ব্যক্তিরা সালমানকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন প্রথম। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সালমান মারা যায়।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, গত ১৩ ডিসেম্বর ধর্ম পরীক্ষার হলে সালমান ও রাসেলের কথা কাটাকাটি হয়। তখন সালমান রাসেলকে ধমক দেয়। সেই ক্ষোভ থেকে শনিবার আনুমানিক ৪টার দিকে রাসেল ভিকটিম সালমানকে ডাক দেয় এবং পরীক্ষার হলে ধমক দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ভিকটিম সালমানের ঘাড়েরর বাম পাশে আঘাত করলে সালমান পড়ে গিয়ে পাশের দেয়ালের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পায়। পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় রাসেলকে (১৭) আটক করা হয়েছে। তারা পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন।

ইত্তেফাক/এএএম