সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৫

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৫৮

g এএফপি

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জন সরকারপন্থি যোদ্ধা ও বাকিরা বেসামরিক লোক। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, রবিবার দামেস্কের কাছে ও হোমস প্রদেশে এই হামলা চালানো হয়।

সংস্থাটি আরো বলছে, দামেস্কের কাছে ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে এবং হোমস প্রদেশের পশ্চিমে একটি গবেষণা কেন্দ্র ও সামরিক বিমানবন্দরে এ হামলা চালানো হয়। এসব স্থানে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইরানিরা রয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এর আগে চারজন বেসামরিক লোকের প্রাণহানির কথা বলেছিল। একইসঙ্গে সানা ইসরাইলি হামলা প্রতিরোধে তাদের আকাশ প্রতিরক্ষার তত্পরতার কথাও উল্লেখ করেছে। ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সিরিয়ায় ২০১১ সালে সহিংসতা শুরুর পর থেকে ইসরাইল আসাদের অনুগত বাহিনী এবং মিত্রজোট ইরান ও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে শত শত বার বিমান হামলা চালিয়েছে।