খাসোগি হত্যা ধামাচাপা দিতে বিপুল টাকা ঢালা হচ্ছে: এরদোগান

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:০৭

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, ‘কিছু মানুষ’ সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে ‘বিপুল অর্থ’ খরচ করছে। জাপানের ওসাকা নগরীতে জি২০ গ্রুপের শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সমালোচক হিসেবে পরিচিত জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি দূতাবাসে পাশবিক হত্যাকাণ্ডের শিকার হন। বিন সালমানের ঘনিষ্ঠ একজন গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্বে একদল ঘাতক ইস্তাম্বুলে গিয়ে ওই হত্যাকাণ্ড সম্পন্ন করে আবার রিয়াদে চলে আসে।

এরদোগান এ সম্পর্কে আরো বলেন, বিন সালমানকেই খাশোগির হত্যাকারীদের বের করে দিতে হবে। এখনো ওই হত্যাকাণ্ডের কিছু রহস্য অনুদ্ঘাটিত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

সৌদি আরবের রাজ পরিবারের হাত থেকে বাঁচার জন্য মৃত্যুর কয়েক বছর আগে খাশোগি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন। সেখানে তিনি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন যেখানে সৌদি রাজা ও যুবরাজসহ রাজ পরিবারের সমালোচনা করতেন।

ইত্তেফাক/টিএস