স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের মাধ্যমে ইংল্যান্ডের সেমিফাইনালের স্বপ্ন আরো উজ্জ্বল হয়েছে। বিশ্বকাপের অন্যতম ফেবারিট ও অপরাজিত দল ভারতকে হারানোর পর ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান জানালেন, নিজেদের পরিকল্পনায় অটল থাকাই তাদের জয়ের কারণ। এই জয়ে তৃপ্ত তার দল।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুই ম্যাচে হেরে রোববার এজবাস্টনে মরগ্যানের দল অনেকটা খাদের কিনারায় থেকেই ম্যাচ শুরু করেছিল। এই ম্যাচে পরাজিত হলে অনেকটাই ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। টুর্নামেন্টের দারুণ একটি সূচনা ও র্যাংকিংয়ের শীর্ষস্থানে থেকে আসর শুরু করা এসবই ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু হঠাত্ করেই পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ফিকে আসে স্বাগতিকদের। তবে ভারতকে ৩১ রানে হারিয়ে আবারও লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে স্বাগতিকরা।
জনি বেয়ারস্টোর ১১১ রানের সাথে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফেরা জেসন রয়ের ৬৬ রানে প্রথম উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৬০। এই বিশ্বকাপে ওপেনিং জুটিতে এটাই সর্বোচ্চ রান। এর সাথে বেন স্টোকসের ৭৭ রান যোগ হয়ে ইংল্যান্ডের ইনিংস ৭ উইকেটে ৩৩৭ রানে শেষ হয়। জবাবে ভারতীয় ইনিংসে প্রথম থেকেই আঘাত হানেন ডান-হাতি পেসার ক্রিস ওকস। এছাড়া ইনিংসে মাঝামাঝিতে আরেক পেসার লিয়াম প্লাঙ্কেটও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে।
বুধবার ডারহামে গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেও ইংলিশরা শেষ চারে জায়গা করে নিবে। মরগ্যান বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশি। আজ আমরা যেভাবে খেলেছে তা অসাধারণ ছিল। ড্রেসিং রুমেও আমার বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সত্যিকারের একটি ভাল দলের বিপক্ষে সঠিক সময়ে জয়টি এসেছে।’
ক্রিকেটের আবিষ্কার হলেও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। কিন্তু মরগ্যান মনে করছেন, এবার সেই আক্ষেপ ঘুচে যেতে পারে। বললেন, ‘আমরা আজ যেভাবে খেলেছি তা সবাইকে অনুপ্রাণিত করে তুলছে। আমরা আমাদের মূল পরিকল্পনার খুব কাছাকাছি আজ খেলতে পেরেছি। পুরো বিষয়টা আমাদের দারুণভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
সাবেক অধিনায়ক মাইকেল ভনের তীব্র সমালোচনা পর জনি বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ম্যাচজয়ী সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর বেয়ারস্টো বলেছিলেন, ‘মানুষ আমাদের ব্যর্থতার অপেক্ষায় থাকে।’ বেয়ারস্টোর এই মন্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি ভন। তিনি বলেছিলেন, ‘এই ধরনের নেতিবাচক মানসিকতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
এই ইস্যুতে মুখ খুলেছেন মরগ্যান। তিনি বেয়ারস্টোর প্রশংসা করে বলেন, ‘নিজেকে মেলে ধরার চেষ্টা সে সবসময়ই করে, আজকেও তার ব্যতিক্রম ছিল না। নিজের দিনে সে সেরাটাই উপহার দিতে চেষ্টা করে।’—বাসস
