একটি ছবি হাজার ঘটনার কথা বলে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে সব সাংবাদিকরা এক ব্যানারে থাকতো। এখন এতো বিশেষায়িত হয়েছে সবার নিজস্ব সংগঠন আছে। আর এসব সংগঠনের মধ্যে ফটোজার্নালিস্ট খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন। কারণ এক একটি ছবি আমাদের ইতিহাসের পাক বদলের এক একটি ঘটনা। একটি ছবি হাজার ঘটনার কথা বলে।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটি ২০২৩-২৪ এর নব গঠিত কমিটির পরিচিতি সভা ও কটি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগে যুদ্ধের মধ্যে বিভিন্ন সেবা সংস্থার লোকজন রক্ষা পেতেন। এখন তা হচ্ছে না। সাংবাদিকতা ক্রমাগত একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হয়েছে। ফিলিস্তিনে গাজার হামলা তার স্পষ্ট প্রমাণ। সেখানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং চিত্রগুলো গণমাধ্যমে আসছে। আমরা কখনোই গণহত্যাকে সমর্থন করিনা। আমরা চাই ফিলিস্তিনে গাজার এই হামলা বন্ধ হোক।

মন্ত্রী বলেন, আমি নিজে সংবাদপত্রের মানুষের একজন কন্যা হিসেবে আমি এই পরিবারের একজন। কাজেই আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি। তারপরও কেন জানি মাঝে মাঝে একটু ব্যত্যয় ঘটে। কেউ কেউ হয়তো কারো চাপে লিখেন। কিন্তু আমার পক্ষ থেকে  আপনাদের প্রতি ভালোবাসার কোন কমতি ছিল না। কারণ আমি মনে করি প্রতিহিংসা ভালো কিছু নয়। আপনাদের সাথে আমার সম্পর্ক আছে ও থাকবে।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাহ, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, ফটোজার্নালিস্ট চাঁদপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ উপদপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনসহ সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম