কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে নৌকার প্রচার শুরু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২০:২৮

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আনন্দ মিছিলের মধ্যে দিয়ে নেতাকর্মীরা নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেন। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদ উল্লা খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এদিকে ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রচার চালিয়েছেন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘কোটালীপাড়া হচ্ছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এখানে প্রচার-প্রচারণার জন্য তার কখনো আসার প্রয়োজন হয় না। তার পক্ষে এখানকার দলীয় নেতাকর্মীরাই প্রচার-প্রচারণা চালায়। আজ থেকে আমরা এই প্রচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলাম।’  

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার সঙ্গে ভোটযুদ্ধে লড়বেন আরো ৫ প্রার্থী। তারা হলেন—বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন লস্কর (একতারা), জাকের পার্টির মাহবুব মোল্যা (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের শাহিদুল ইসলাম মিতু (ডাপ), ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম (আম) ও গণফ্রন্টের সৈয়াদা লিমা হাসান (মাছ)।

ইত্তেফাক/ডিডি