হলফনামায় মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপসহ বিভিন্ন অভিযোগে রাজশাহীর ৬টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৫৩ প্রার্থীর মধ্যে ২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজ সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।
এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ৮ জন; রাজশাহী-২ (সিটি করপোরেশন) আসনে ২ জন; রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৫ জন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ২ জন; রাজশাহী-৫ আসনে ৪ জন ও রাজশাহী-৬ আসনে ২ জন রয়েছেন। তবে যাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে, তারা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
এদিকে ২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণার ফলে উল্লেখিত নির্বাচনী এলাকায় ৩০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ সংখ্যা রাজশাহী-১ আসনে ৪ জন, রাজশাহী-২ আসনে ৬ জন, রাজশাহী-৩ আসনে ৫ জন, রাজশাহী-৪ আসনে ৩ জন, রাজশাহী-৫ আসনে ৭ জন ও রাজশাহী-৬ আসনে ৫ জন।
যাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে- রাজশাহী-১ আসনে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাসদের আলফাজ হোসেন, স্বতন্ত্র শাহাদাত হোসেন, সালাহ উদ্দিন বিশ্বাস, সাইদুর রহমান, শহিদুল কবির শিবলী ও সুজা উদ্দিন; রাজশাহী-২ আসনে এনপিপির সাইফুল ইসলাম স্বপন ও স্বতন্ত্র মাসুদ রানা; রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী মেরাজ উদ্দিন মোল্লা ও বিএনপির বিকল্প প্রার্থী মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টি (এ) শাহাবউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান; রাজশাহী-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী অধ্যাপক আব্দুল গফুর ও যুক্তফ্রন্টের সরদার সিরাজুল করিম; রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট্রের প্রার্থী ও সাবেক এমপি নাদিম মোস্তফা, যুবলীগ নেতা ওবাইদুর রহমান, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক ও ইসলামী আন্দোলনের রুহুল আমিন; রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ ও মুসলিম লীগের প্রার্থী আব্দুর রাজ্জাক।
যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে- রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপির বিকল্প প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভাহ হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান; রাজশাহী-২ আসনে বিএনপির মিজানুর রহমান মিনু, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, বিএনপির সাহিদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন, সিপিবির এনামুল হক; রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন এমপি, বিএনপির সফিকুল হক মিলন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, সাম্যবাদী দলের সাজ্জাদ আলী ও এলডিপির মনিরুজ্জামান; রাজশাহী-৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক এমপি, বিএনপির আবু হেনা ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম; রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের ডা. মুনসুর রহমান, বিএনপির বিকল্প অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, মাহমুদা হাবীবা, জাতীয় পার্টির (এ) আবুল হোসেন, বিএনএফের মখলেসুর রহমান, জাকের পার্টির শফিকুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক; রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিএনপির বিকল্প নুরুজ্জামান খান মানিক, বিএনপির বিদ্রোহী বজলুর রহমান, জাতীয় পার্টির ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ।
ইত্তেফাক/বিএএফ
