নৌকার কর্মীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের পেটানোর অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:১২

নাটোরের গুরুদাসপুরে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমানের কর্মীদের বিরুদ্ধে জামিনে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত রোববার (১৭ ডিসেম্বর) নৌকার সমর্থক ও স্থানীয় ইউপি সদস্য আলম ও আল-আমিন স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ’র সমর্থক জালাল শাহকে পিটিয়ে জখম করেন। ওই মামলায় মঙ্গলবার জামিনে বেরিয়ে এসেই আলম ও আল-আমিন এবং তার সহযোগীরা স্বতন্ত্র প্রার্থী আরও দুই সমর্থককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেন।

তারা হলেন- নাজিরপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩২) এবং একই ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)। আহতদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শরিফুল ইসলাম বলেন, নৌকার সমর্থক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী তাকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে না থাকার জন্য হুমকি দেয়। কিন্তু আয়ুব চেয়ারম্যানের প্রস্তাবে তিনি রাজি হননি। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য আলম, স্থানীয় আল-আমিনসহ ৮ থেকে ১০জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। তারা তাকে লোহার রড দিয়ে এলোপাতারি পিটিয়ে জখম করেন।

অপর আহত সিরাজুল বলেন, শরিফুলের সঙ্গেই ছিলেন তিনি। আলম লোকজন নিয়ে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাহনিক বলেন, শরিফুলের ডান হাত এবং বাম পায়ের হাঁটুর নিচে একাধিক স্থানে ভেঙে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া আহত সিরাজুলের শরীরে জখমের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বলেন, আহত শরিফুল এবং সিরাজুল তার রাজনৈতিক প্রতিপক্ষ নন। মূলত ইউপি সদস্য আলম সঙ্গে পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটতে পারে। এতে তার বা নৌকা সমর্থকদের কোনো হাত নেই।

স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, আহত দু’জন তার সমর্থক। একের পর এক তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছেন নৌকা সমর্থকরা।

গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন বলেন, হামলাকারীরা জামিনে এসে আবারও হামলার ঘটনা ঘটিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি