হাটহাজারী (চট্টগ্রাম)সংবাদদাতা
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তপন কান্তি নাথ ওরফে মো. হাসান (৪২) নামের এক ভুয়া কাজিসহ তার সহকারী মো. এহসানকে আটক করেছে। রবিবার পৌরসদরের মেডিক্যাল গেটের উত্তর পাশে অবস্থিত ইদ্রিস ভবন থেকে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে চালানো অভিযানে আটক ভুয়া কাজি মো. হাসান মীরেরখীলস্থ নাথপাড়ার হরিপদ নাথের এবং কাজির সহকারী মো. এহসান রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সালামতউল্লাহর বাড়ির মৃত এজহারুল হকের সন্তান। আটক তপন কাজি না হয়েও ভুয়া পরিচয়ে অন্তত দুশয়ের অধিক বিয়ে রেজিস্ট্রি করে কাবিননামা দিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহল আমিন জানান, আটক তপন কাজি বাল্যবিয়ে, ভুয়া বিয়ে, কনট্রাক্ট বিয়েসহ নানারকম ঝামেলার বিয়ে পড়ান বলে জেনেছি। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
