শুল্ক গোয়েন্দার অকস্মিক অভিযান ১৪ কোটি টাকার অনিয়ম

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৫৪

বন্ড সুবিধার পণ্য খোলাবাজারে বিক্রি

ইত্তেফাক রিপোর্ট

গাজীপুরের আম্বার ডেনিম নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আনা কাঁচামাল ও অন্যান্য কেমিক্যালের মজুদে বড়ো ধরনের অনিয়ম পেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধায় আনা কাঁচামাল অবৈধভাবে স্থানীয় বাজারে বিক্রি করেছে। শুল্ক-করসহ এর বাজারমূল্য ১৩ কোটি ৭২ লাখ টাকা। আমদানি প্রাপ্যতার অনুমোদন (ইউটিলিটি পারমিশন বা ইউপি) অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে যে পরিমাণ কাঁচামাল ও কেমিক্যাল থাকার কথা, তা পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক  মো. আবু হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান আম্বার ডেনিম লিমিটেডের কারখানা আকস্মিক পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠান প্রতিনিধির সহযোগিতায় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে প্রবেশ করে বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল গণনা করা হয়। তাতে দেখা যায়, পলিয়েস্টার ইয়ার্ন, কটন ইয়ার্ন, এসিটিক এসিড, ডাইস, ফিনিশিং এজেন্ট, কেমিক্যাল, কস্টিক সোডাসহ বিভিন্ন ধরনের কেমিক্যালের যথাযথ মজুদের উপস্থিতি পাওয়া যায়নি।

শতভাগ রপ্তানির শর্তে কাঁচামালসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পায় রপ্তানিকারক প্রতিষ্ঠান। তবে এসব আমদানিকৃত কাঁচামাল কাস্টমস বন্ড কমিশনারেট অনুমোদিত নির্ধারিত অয়্যারহাউজে মজুত রেখে পণ্য তৈরি করে তা রপ্তানি করতে হয়। এটি বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা নামে পরিচিত। রপ্তানির জন্য আমদানিকৃত কাঁচামাল কিংবা ঐ কাঁচামাল দিয়ে তৈরি পণ্য বাইরে বিক্রি করার ক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারকদের ন্যায় নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হয়; কিন্তু অভিযোগ রয়েছে, শুল্ক সুবিধায় আমদানিকৃত কাঁচামাল অবৈধ উপায়ে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। এর ফলে শুল্ক পরিশোধ করা আমদানিকারকরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।