নৌকায় ভোট দিতে অস্বীকার করায় ঈগল প্রতীকের কর্মীকে মারধর

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ২০:৪৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের হেভিওয়েট স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সমর্থক। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার সময় বেতিলে এ ঘটনা ঘঠে। নির্যাতনের শিকার চাঁন মিয়া (৫৫) সদিয়া চাঁদপুর ইউনিয়নের এলোঙ্গী আটা চরের শুকুর আলী প্রামাণিকের ছেলে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।  

ঈগল প্রতীকের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্যাতীত চাঁন মিয়া জানান, বেতিলে বাজার করে তিনি জেলে পাড়ার যমুনার খালের সাঁকো পাড় হয়ে বাড়িতে ফিরছিলেন। তখন বেতিলের নৌকার সমর্থক শহিদুল ইসলাম তার গতিরোধ করে বলে ‘তুই নৌকা মার্কার নির্বাচন করবি? তখন সে অস্বীকার করলে প্রার্থী লতিফ বিশ্বাসের নামে ও তাকে গালিগালাজ করে। একপর্যায়ে চাঁন মিয়াকে মারধর করে পরবর্তীতে আরও দেখে নেওবার ভয় দেখিয়ে চলে যায় শহিদুল।

পরে নির্যাতিত চাঁন মিয়াকে নিয়ে ঈগল প্রতীকের পরিচালনা কমিটির ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জহামান মনিসহ তাদের সমর্থকরা দ্রুত আইনগত ব্যবস্থা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

ইত্তেফাক/পিও