সন্দ্বীপে জেটি ও টার্মিনাল নির্মাণে বিআইডব্লিউটিএ ও ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি সই

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

চরাঞ্চলের নৌ-বাণিজ্য বৃদ্ধি ও পর্যটক আকর্ষণের জন্য চট্টগ্রামের সন্দ্বীপে গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। চরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে সন্দ্বীপ অংশে আরসিসি জেটিসহ ও টার্মিনাল ভবন নির্মাণের প্রায় ২ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে নৌ-মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিএ।

প্রকল্পের আরসিসি জেটি নির্মাণসহ আনুষঙ্গিক কাজ করার জন্য ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিআইডব্লিউটিএ ও ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ এস এম আশরাফুজ্জামান এবং ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ স্বাক্ষর করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ-মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন প্রমুখ।

এই প্রকল্পের অধীনে সন্দ্বীপ অংশে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ ও প্রায় ১০ মিটার চওড়া জেটি নির্মাণ করা হবে। এছাড়া একাধিক টার্মিনাল ভবন, মালামাল ওঠানামার জন্য আরসিসি জেটিসহ বেশকিছু স্থাপনা নির্মাণ হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫৬ কোটি টাকা। যেখানে সন্দ্বীপের জেটি নির্মাণে ব্যয় হবে ৩৫৬ কোটি টাকা।

ইত্তেফাক/এএইচপি