চাঞ্চল্যকর হত্যা মামলায় দোষীদের শাস্তি দেওয়ার বিষয়টি নজরে থাকবে —আইনমন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু হলি আর্টিজানের মামলা বিচার হচ্ছে তা নয়, সিজার ট্যাভেলা, রমিজউদ্দিন স্কুলের দুই শিক্ষার্থী হত্যা ও নুসরাত রাফি হত্যার মামলা বিচার চলছে। যাতে এসব ঘটনা বিচারের বাইরে না চলে যায়, যাতে এইসব বিষয় বা ঘটনা মানুষের মনে থাকতেই দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায় সে বিষয়ে আমরা নজর রাখবো। গতকাল সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে যুগ্ম-জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৪২তম রিফ্রেশার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও বক্তৃতা করেন।

ডিএজি নিয়োগে নতুনরা প্রাধান্য পাবেন

আইনমন্ত্রী বলেন, শিগগিরই রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে নতুনরা বেশি প্রাধান্য পাবেন। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন আমি তাদের পদত্যাগ করতে বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার কাছে এখন পর্যন্ত ৮৭ জনের পদত্যাগপত্র পৌঁছে গেছে। এসব পদে খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগের ক্ষেত্রে নতুনরা প্রাধান্য পাবেন।

গাড়ি পেলেন ৬২ বিচারক

সিডান গাড়ি পেলেন অধস্তন আদালতে কর্মরত ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। সোমবার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে ৬২ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজের নিকট গাড়ির চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, বিকাশ কুমার সাহা ও হাবিবুর রহমান, সলিসিটর জেসমিন আরা, নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক খান মো আব্দুল মান্নানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।