১৭ জুলাই জাতীয় মত্স্য সপ্তাহ শুরু

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১৭ থেকে ২৩ জুলাই দেশব্যাপী ‘জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৯’ পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ বছর মত্স্য খাতে অবদানের জন্য ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মত্স্য পুরস্কার-২০১৯’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন। গতকাল সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত এক প্রস্তুতি সভায় মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এ কথা জানান।

সভায় মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মণ্ডল, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মত্স্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জাতীয় মত্স্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ জুলাই সকাল ৮টায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে মত্স্যভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ‘মত্স্যমেলা’ আয়োজনের পাশাপাশি প্রতিটি জেলায় ৩ দিনের মত্স্যমেলা করা হবে। ময়মনসিংহে ৫ দিনের একটি ‘প্রযুক্তিভিত্তিক মত্স্যমেলা’ অনুষ্ঠিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থান, মাছের আড়ত প্রভৃতি স্থানে গণসচেতনতামূলক সভা-সেমিনার ও ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।