স্বামীর বিরুদ্ধে বউ প্রার্থী, নাটকীয়তা শেষে মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন একই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক। তবে প্রতীক বরাদ্দের একদিন পর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

অফিসিয়ালি প্রার্থীতা প্রত্যাহারের তারিখ শেষ হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক প্রার্থীতা প্রত্যাহার করে এখন নৌকার পক্ষে প্রচার-প্রচারণা শুরু করেছেন। বর্তমানে তিনি নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচারণায় ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এর আগে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বিএম কবিরুল হক মুক্তি। কৌশলগত কারণে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হন তার সহধর্মিনী চন্দনা হক।

সংবাদ সম্মেলন করে স্বামীর আসনে মনোনয়ন প্রত্যাহার স্ত্রীর। ছবি: সংগৃহীত

চন্দনা হক জানান, তার স্বামী বিএম কবিরুল হক মুক্তি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরও কৌশলগত কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। তিনি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার আস্থা ও ভালোবাসার প্রতীক নৌকা। তিনি নিজের ভোটও নৌকায় দেবেন। তাই তার স্বামীর নৌকা প্রতীকের প্রচারণায় ব্যস্ত থাকার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, আমার স্বামী টানা তিনবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তি। তাই আমি আমার স্বামীর পক্ষে কাজ করে যাব।

ইত্তেফাক/পিও