লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলায় এইচএম নিয়ামুল আলম নাঈম নামের এক ছাত্রলীগ নেতার এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এ জরিমানা আদায় করেন।
নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারী বাজার এলাকার স্কুল শিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক।
জানাগেছে, উপজেলা সদরের স্টেশন এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈমের বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোষ্টার ছাড়া অন্য কোন প্রতীকের পোস্টার ছিল না। শনিবার বিকালে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। যার খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পোস্টার ছেড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রির্টানিং কর্মকর্তাকে ফোনে অবগত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেড়ার সত্যতা স্বীকার করলে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত সকলকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, পোস্টার ছিঁড়ে ফেলায় একজনের এক হাজার টাকা জরিমানা করে তাকে প্রথমবারের মতো শতর্ক করা হয়েছে। একইসঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে।
