মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালী উপজেলার কারণ্যপুর গ্রামের একটি বাড়িতে রবিবার রাতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে গতকাল সোমবার মধুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, সরকারি বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার মো. অহিদুজ্জামান মিয়া সপরিবার কর্মস্থল ঢাকায় অবস্থান করায় গ্রামের বাড়ির ঘরে তালা দেওয়া থাকে। ঘটনার রাতে দুর্বৃত্তরা গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে চারটি আলমারিতে রাখা মূল্যবান কাপড়সহ গৃহস্থালি বিভিন্ন মালামাল নিয়ে যায়। তাতে তার প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয় এবং তার চাচা সিরাজ মিয়ার ঘর থেকে বিভিন্ন মালামাল নিয়ে যায়। তিনি জানান, গত বছরও তার বাড়িতে চুরির ঘটনা ঘটে।
মধুখালী থানার এসআই মো. মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ দিলে মামলা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
