চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের সরকারি সফরে গতকাল লিয়াওনিং প্রদেশের ডালিয়ান পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বেলা ১২টা ১৫ মিনিটে ডালিয়ান ঝাউশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় ডালিয়ান সিটির মেয়র তান চেংজু উপস্থিত ছিলেন। --বাসস।
বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে শাংরি-লী-হোটেলে নিয়ে যাওয়া হয়। ডালিয়ান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন। সফরকালে প্রধানমন্ত্রী ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নেবেন এবং বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ডব্লিউইএফ সামার দেভোস হিসেবে পরিচিত তিন দিনব্যাপী ডব্লিউইএফ অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স ২০১৯ আজ চীনের ডালিয়ান নগরীতে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী আজ সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফ সামার দেভোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ক্লাউস স্কোয়াবের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করবেন এবং বিকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ৩ জুলাই সকাল ১১টায় চীন সরকারের দেওয়া একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে ডালিয়ান ত্যাগ করবেন।
শেখ হাসিনা ৪ জুলাই সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে এবং গ্রেট হল অব দ্য পিপল এ বীরদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপল’এ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ জুলাই সকালে ‘প্যানগোয়াল ইনিস্টিটিউশন’ নামে একটি চীনা থিঙ্ক ট্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কর্মসূচি রয়েছে। বিকালে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং’র সঙ্গে বৈঠক করবেন। তিনি একইস্থানে চীনা প্রেসিডেন্টের দেওয়া এক ভোজ সভায় যোগ দিবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ২ থেকে ৬ জুলাই পর্যন্ত চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সরকারি সফরকালে আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাবে। এ সময়ে বেইজিং’র সঙ্গে ঢাকা আটটি স্বাক্ষর করবে।
