সবচেয়ে বড় হারে সিরিজ হারলো বাংলাদেশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপরেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখতে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। আর সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে বিশাল ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (২৩ ডিসেম্বর) বেনোনির উইলোমোর পার্কে বাংলাদেশকে ২১৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মেয়েদের ওয়ানডেতে রানের হিসাবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। 

টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লওরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩১৬ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ১৩৪ বলে ১২৬ ও ব্রিটস ১২৪ বলে ১১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন রাবেয়া খান। 

৩১৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৮ রানে চার উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর ফাহিমা খাতুন ও রিতু মনি মিলে শুরু চাপ সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩১ ওভার ১ বলে মাত্র ১০০ রান অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ বলে ৩৩ রান করেন রিতু মনি। ২১৬ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।    

ইত্তেফাক/জেডএইচ