অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জামিন দেয়নি হাইকোর্ট। আগাম জামিন চেয়ে তার করা আবেদন সরাসরি খারিজ করে দিয়ে তাকে গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রমনা জোনের ডিসিকে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদেশের পর বিকাল পৌনে ছয়টার দিকে জামিন না মঞ্জুরকারী হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
দুদকের দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলায় রবিবার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন মিজান। গতকাল দুপুরের পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোমতাজউদ্দীন আহমেদ মেহেদী বলেন, পুলিশের এই কর্মকর্তা খুবই সত্। উনি জঙ্গি নির্মূলে কাজ করেছেন। পুলিশে তার অনেক উজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি মিশনেও কাজ করেছেন। আগাম জামিন দেওয়া হলে তিনি পলাতক হবেন না।
এ পর্যায়ে আদালত বলেন, উনার কার্যক্রম ও বক্তব্য পুলিশের সুনাম ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। আমরা টিভিতে দেখেছি সে একজনকে ঘুষ দেওয়ার ব্যাপারে ডেসপারেটলি বক্তব্য দিয়েছেন। শুনানি শেষে হাইকোর্ট মিজানের আগাম জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়ে তাকে পুলিশে সোপর্দের আদেশ দেয়। এ সময় সেখানে উপস্থিত শতশত আইনজীবী ইয়েস ইয়েস বলে আদালতের আদেশের প্রতি সমর্থন জানান। আদেশ প্রদানের পরই দুই বিচারপতি এজলাস ত্যাগ করেন।
এরপরই আদালতের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যরা মিজানুর রহমানকে সংশ্লিষ্ট কোর্টের ভেতরে বসিয়ে রাখেন। উচ্চ আদালতের আদেশের বিষয়টি রমনা জোনের ডিসিকে অবহিত করা হয়। পরে বিকাল পৌনে ৬টার দিকে শাহবাগ থানা থেকে পুলিশের একটি দল মিজানকে নিয়ে যান। রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের বলেন, রাতে মিজানকে শাহবাগ থানায় রেখে মঙ্গলবার সকালে তাকে নিম্ন আদালতে হাজির করা হবে। দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এই আদেশ সমাজের প্রতি একটা বার্তা। দুর্নীতি করে কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নন।
মিজানের ভাগনেকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
দুদকের একই মামলার আসামি ডিআইজি মিজানের ভাগনে এসআই মাহমুদুল হাসানকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেন।
