৭১ বছরে পদার্পণ উপলক্ষে চাঁদপুরে খুবই আনন্দঘন পরিবেশে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রাম জড়িত। যে কারণে দেশের মানুষের কাছে ইত্তেফাক পত্রিকার তাৎপর্য রয়েছে। ওই সময়ে অন্য পত্রিকাগুলো তাদের আদর্শে সঠিকভাবে থাকতে না পারলে ইত্তেফাক পত্রিকা এখনো একই অবস্থান ধরে রেখেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ইত্তেফাকের অনন্য ভূমিকা ছিল। ইত্তেফাকের সফলতা কামনা করছি এবং একইসঙ্গে ইত্তেফাকের শতবর্ষ পেরিয়ে যাবে সে প্রত্যাশা রইল।
প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, সাবেক সভাপতি শহিদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ মাসুদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইত্তেফাকের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
