নৌকার নারী কর্মীকে পেটালেন স্বতন্ত্র প্রার্থীর শাশুড়ি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৬

রাজশাহীর চারঘাট-বাঘায় দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক রায়হানের শাশুড়ির বিরুদ্ধে নৌকার নারী কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী হাফিজা বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি সংশ্লিষ্ট দুটি দপ্তরে লিখিত অভিযোগ করেন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে বাড়ির আঙ্গিনায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের হাফিজা বেগম রোববার দুপুর ১২টার দিকে তার নিজ এলাকায় নৌকার পক্ষে ভোট চাচ্ছিলেন। এ সময়  প্রতিবেশী মৃত মহাম্মদ আলীর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক রায়হানের শাশুড়ি জহুরা বেগম এসে তাকে গালাগালি শুরু করে।

তখন হাফিজা বেগম এর প্রতিবাদ করলে জহুরা বেগম বেধড়ক চড়-থাপ্পড় মারতে শুরু করে। একপর্যায়ে হাফিজা বেগম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় ভুক্তভোগী হাফিজা বেগম চেয়ারম্যান নির্বাচনী অনুসন্ধান কমিটি, রাজশাহী এবং সহকারী রিটার্নিং অফিসার বাঘা ও বাঘা থানায় অভিযোগ দাখিল করেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি