আজ এবং শুক্রবার যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি খেলা বাকি বাংলাদেশের। সেমিফাইনালে উঠতে গেলে বাংলাদেশের প্রথম করণীয় দুটি ম্যাচেই জিততে হবে। তাতেও নিশ্চিত হবে না বাংলাদেশের সেমিফাইনাল। চেয়ে থাকতে হবে ভাগ্যের দিকে, শেষ ম্যাচে ইংল্যান্ডকেও হারতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবারের বিশ্বকাপে এমনই সব জটিল সমীকরণের হিসাব মেলাতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।
ইতিমধ্যে সেমিফাইনালে চলে গেছে অস্ট্রেলিয়া। বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে আছে ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এই দলগুলোর কী হলে কী হবে, সেই বিষয়টিই বিশ্লেষণ করেছে ইএসপিএন—ক্রিকইনফো।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের মধ্য দিয়ে আয়োজক ইংল্যান্ডের পয়েন্ট এখন ১০। এখন সেমিফাইনাল লড়াইয়ের চিত্রটা কী? ইংল্যান্ডের এই জয়ের প্রথম ফলাফল হলো, শ্রীলঙ্কা সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে। শ্রীলঙ্কা যদি এখন শেষ দুই ম্যাচে জয়ও পায় এবং ইংল্যান্ড যদি শেষ ম্যাচে হেরেও যায়, তাতে দুই দলের পয়েন্ট ১০ হবে। কিন্তু রান রেটের হিসাবে ইংল্যান্ড এগিয়ে থাকবে। তাই শ্রীলঙ্কার আশা এখানেই শেষ। এছাড়া ভারত ও নিউজিল্যান্ড একরকম সেমিফাইনালে পা দিয়ে রেখেছে। ফলে বাস্তবতা হলো, সেমিফাইনালের একটা জায়গার জন্য তিনটি দল লড়াই করছে—ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ।
বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও কি ইংল্যান্ড সেমিফাইনাল খেলতে পারে? উত্তর, পারে। সেজন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হবে ভারতকে এবং পাকিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। তখন বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট হবে ৯ করে। অন্য দিকে ইংল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ৯ করে। তখনো শ্রেয়তর রান রেটের কারণে ইংল্যান্ড এগিয়ে থাকবে।
বাংলাদেশ ও পাকিস্তানের কী অবস্থা? ইংল্যান্ড জিতে গেলে তাদের কী হবে? বাংলাদেশ ও পাকিস্তানের জন্য পরিস্থিতি কঠিন। কারণ, তাদের সেমিফাইনালে যেতে গেলে কমপক্ষে ১১ পয়েন্ট লাগবে। দুই দলই সেটা পেতে পারে না। কারণ, শেষ ম্যাচটি বাংলাদেশ ও পাকিস্তানের। যে কোনো একটি দলই জয় পেয়ে ৯ পয়েন্ট হবে।
পাকিস্তানের সেমিফাইনালে উঠতে হলে শুক্রবার বাংলাদেশকে হারাতে হবে এবং আশা করতে হবে নিউজিল্যান্ড যেন ইংল্যান্ডকে হারায়। একই রকম বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে গেলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হবে এবং ইংল্যান্ডের পরাজয় কামনা করতে হবে। বাংলাদেশ ও পাকিস্তান একটি ম্যাচ হারলেও তাদের অভিযান শেষ।
ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশ বা পাকিস্তান কি নিশ্চিত বাদ? না, এখানেও কিছু হিসাব আছে। ভারত যদি শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে হারে এবং নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের বিপক্ষে হারে, তাহলে তিন দলের পয়েন্ট হবে ১১—ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান বা বাংলাদেশ। এই তিন দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকা দুই দল সেমিফাইনালে যাবে। রানরেটে আপাতত ভারত ও নিউজিল্যান্ড এগিয়ে আছে।
তাহলে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে গেছে, বলা যায়? অনেকটা। নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত ও নিউজিল্যান্ডের পরের ম্যাচগুলোর ফলাফল যা-ই হোক, তারা সেমিফাইনালে যাওয়ার কথা। যদি না বাংলাদেশ বা পাকিস্তান অস্বাভাবিক ব্যবধানে জয় পায়, ভারত অস্বাভাবিক ব্যবধানে হারে।
