রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে তলব করেছে ইসি। বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহাম নামে ওই যুবককে আগামী বুধবার (২৭ ডিসেম্বর) আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবং নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাঈদ স্বাক্ষরিত এক নোটিশে এ আদেশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, মাহাবুর নামক নামে ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়াকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। উক্ত আচরণের মাধ্যমে আপনি (মাহাবুর) জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা. ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। যা নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে মাহাবুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘আপনার মতো মাহিয়া মাহির দ্বারা তানোর-গোদাগাড়ীর উন্নয়ন তো দূরের কথা; হাজারো ছেলে নষ্ট হবে। আমি এখনো বলছি, এমপি ওমর ফারুক চৌধুরীকে নিয়ে আর একটা যদি বাজে মন্তব্য করেন, আপনাকে জুতা দিয়ে পেটানো উচিত। আপনি ওমর ফারুক চৌধুরীর বাসার কাজের মেয়ের যোগ্য না।’
এ ঘটনায় এদিন রাতেই ওই যুবকের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিষয়টি নিশ্চিত করে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছে। তাই আমি থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি।’
