ডুজার দ্বি-মাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন ইত্তেফাকের নেছার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) দ্বিমাসিক (আগস্ট-সেপ্টেম্বর) রিপোর্টার্স অ্যাওয়ার্ড পেলেন দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নেছার উদ্দিন। 

গত ৩০ সেপ্টম্বর ইত্তেফাকে 'কাগুজে বই ছেড়ে শিক্ষার্থীরা ঝুঁকছেন ইন্টারনেটে' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও ৫ ক্যাম্পাস সাংবাদিকে এই পুরস্কার দেওয়া হয়। ডুজার ৩৮ জন সদস্যের থেকে বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণ করে এই ছয়জনকে পুরস্কৃত করা হয়। 

সোমবার (২৫ ডিসেম্বর) সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত রিপোর্টার্স আড্ডা ও দ্বিমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন - সমকালের ঢাবি প্রতিনিধি জোবায়ের আহমদ, দেশ রূপান্তরের আমজাদ হোসেন হৃদয়, ইনকিলাবের রাহাদ উদ্দিন, ঢাকা পোস্টের এইচ এম খালিদ হাসান এবং ভোরের কাগজের ঢাবি প্রতিনিধি রাফিউজ্জামান লাবিব। 

পুরস্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতায় দ্বিমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান একজন প্রতিবেদকের অনুপ্রেরণার কারণ হয়। এতে অন্য সকলের মনে আরও ভালো করে কাজ করার আগ্রহ জন্মে। ক্যাম্পাস নিয়ে কাজ করা, ক্যাম্পাসের সমস্যা তুলে ধরার মহান লক্ষ্যে ক্যাম্পাসের গুটিকয়েক সাংবাদিক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা সবসময়ই প্রশংসার দাবি রাখে। 

ডুজার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহীর সঞ্চালনায় পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুজার সাবেক সভাপতি এবং প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। 

ইত্তেফাক/এআই