পরমাণু চুক্তি ভাঙল ইরান

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২২:৫৮

আন্তর্জাতিক পরমাণু চুক্তি ভাঙলো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গতকাল চুক্তিটি ভঙ্গের কথা জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র বাদে চুক্তির অন্যান্য ইউরোপীয় অংশীদার ভঙ্গ না করার হুঁশিয়ারি দিয়েছিল। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছয়টি দেশের সঙ্গে ইরানের আন্তর্জাতিক পরমাণু চুক্তি হয়। গত বছর যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে দাঁড়ায়। খবর বিবিসি ও রয়টার্সের

পররাষ্ট্রমন্ত্রী জারিফ নিশ্চিত করেছেন যে, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা (ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড বা ইউএফ৬) ৩০০ কেজি ছাড়িয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানান, তাদের অঙ্গীকার রক্ষা না করার কারণ হলো পাল্টা প্রতিক্রিয়া। তিনি বলেন, চুক্তিটি রক্ষার সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ জানিয়েছে, তাদের পরিদর্শক পরীক্ষা করে দেখবে যে তেহরান আসলেই চুক্তি ভেঙেছে কিনা বা তাদের ইউরেনিয়াম কী পরিমাণে আছে। গত শুক্রবার ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে আলোচনা হয়। কিন্তু বৈঠকের পর ইরান জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং নিষেধাজ্ঞার বিপরীতে ইউরোপ বাণিজ্যে খুব সামান্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে।