রাজশাহী-৬

নৌকার দুটি অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৮:২৩

রাজশাহীর বাঘায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণামূলক অস্থায়ী দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা কেউ বলতে পারছে না।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুশিদপুর ও বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জোতজয়রাম গ্রামে এই ঘটনা ঘটে। 

ছবি: নুরুজ্জামান

বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুশিদপুর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বাজুবাঘা ইউনিয়নের ৮ নম্বর জোতজয়রাম ওয়ার্ডের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, রোববার রাত ১১টা পর্যন্ত আমরা কয়েকজন কর্মী অফিসে খিচুড়ি রান্না করে খেয়ে বাড়ি চলে যায়। এর পর রাত সাড়ে ১২টার দিকে খবর পাই কে বা কারা অফিস পুড়িয়ে দিয়েছে। এরপর বিষয়টি আমরা থানা পুলিশকে অবগতকরি।

বাঘা থানার ওসি (ইন্সপেক্টর তদন্ত) সবুজ রানা বলেন, এগুলোকে অফিস বলা যাবে না। বলতে পারেন অস্থায়ী নির্বাচনী ক্যাম্প। যার কোনো অনুমোদন নেই। কতিপয় লোকজন অতি উৎসাহী হয়ে নির্বাচন এলে এ ধরনের অফিস করে থাকে। তার পরেও খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে ছিলাম। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেব।

ইত্তেফাক/পিও