একে-২২ রাইফেলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:২৮

রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে একে-২২ রাইফেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরা হলেন—সাইদুল ইসলাম ও কামাল হোসেন। রবিবার রাতে বাস টার্মিনালের সামনে একটি পরিত্যক্ত জায়গায় অস্ত্রের হাতবদলের সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, দুইটি ম্যাগজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হলি আর্টিজানে জঙ্গি হামলার সময় জঙ্গিরা একে-২২ রাইফেল ব্যবহার করে। ওই অস্ত্রের সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের মিল আছে কি না সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, অস্ত্রের হাতবদলের জন্য ছয়জন উপস্থিত ছিল; কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদ ও কামাল জানিয়েছেন, তারা অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র হাতবদলের জন্য তারা এখানে এসেছিল। ওয়ারী থানায় মামলা করে আদালতে পাঠিয়ে তাদের সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। একে-২২ রাইফেলটি রাশিয়ার তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি।