গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২৪১ ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৪০০ জন। গত ১১ সপ্তাহে উপত্যকায় হামলার ঘটনায় নিহতের সংখ্যা ২১ হাজার ছুঁই ছুঁই করছে। বুধবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ইসরায়েলি বাহিনীর সশস্ত্র অভিযানে অন্তত ২৪১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই যুদ্ধকে জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
অন্যদিকে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেন, ‘আরও অনেক মাস সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এ সংঘর্ষ চলবে। এছাড়া তেল আবিব জানিয়েছে, তারা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এমনকি বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতেও গাজা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আসা এই লড়াইয়ে অন্তত ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় চলমান এই যুদ্ধকে ‘বিপর্যয়ের চেয়েও বেশি’ ও ‘বিধ্বংসী যুদ্ধের চেয়েও’ বেশি কিছু বলে বর্ণনা করেছেন। তিনি একে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন বলে অভিহিত করেছেন।
