সোনাগাজীর ইসলামীয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত মামলায় গতকাল সোমবার নুসরাতের দুই সহপাঠীর সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণ করা হয়। ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মামুনুর রশিদের আদালতে ১৬ আসামির উপস্থিতিতে বাদীপক্ষের নুসরাত জাহান রাফির দুই সহপাঠীর ২য় এবং ৩য় সাক্ষীর সাক্ষ্য ও জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা একটানা জেরা করেন। রবিবার আদালতের কার্যক্রম মূলতবি শেষে সোমবার সকাল থেকে ২য় সাক্ষী নিশাত সুলতানাকে আসামিপক্ষের ১৬ জন আইনজীবী একে একে জেরা করেন। মধ্যাহ্ন বিরতির পর নাসরিন সুলতানা ফুর্তির জবানবন্দি বিচারক বিকাল ৫টা পর্যন্ত লিখিতভাবে রেকর্ড করেন। জবানবন্দি শেষে বিচারক মঙ্গলবার সকালে নাসরিন সুলতানা ফুর্তিকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার আদেশ দেন। এছাড়া একই দিন ৪নং রাষ্ট্রপক্ষের সাক্ষী মাদ্রাসার দপ্তরি নুরুল আমিনের সাক্ষ্য গ্রহণ এবং আসামিপক্ষের জেরা করার আদেশ দেন। এই হত্যা মামলায় মোট ৯২ জন সাক্ষীর মধ্যে সোমবার পর্যন্ত মামলার ৪র্থ দিবসে তিন জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হলো।
