পানি সংকট মোকাবেলায় ভারত সরকারের জলশক্তি অভিযান শুরু

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:৩০

ভারতের বিভিন্ন অংশে পানি সংকট মোকাবলায় উচ্চাকাঙ্ক্ষী জলশক্তি অভিযান শুরু করেছে নরেন্দ্র মোদির সরকার। সোমবার শুরু এই অভিযানের মাধ্যমে ফসল উত্পাদনে বৃষ্টির পানির ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে পানি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর শূন্য পদও পূরণ করা হবে।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ভূ-পৃষ্ঠের পানির স্তর ঠিক রাখা এবং পুকুর ও অন্য জলাশয়ের পানি সংরক্ষণে ২৬৪টি জেলায় উচ্চ পর্যায়ের টিম গঠন করা হয়েছে এবং দেশের ১৫৩৯টি ব্লকে প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

জলশক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারতের বৃষ্টির পানির মাত্র আট শতাংশ সংরক্ষণ করা হয়। যা বিশ্বের দেশগুলোর তুলনায় অনেক কম। এক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি। কারণ পৃথিবীর মাত্র চার শতাংশ পানিসম্পদ আছে ভারতে অথচ জনসংখ্যা বিশ্বের প্রায় ১৬ শতাংশ। ২০১৮ সালে মোদি সরকারের নীতি-নির্ধারণী থিংক ট্যাঙ্ক নীতি আয়োগের প্রকাশ করা এক গবেষণায় বলা হয়, ২০২০ সালের মধ্যে ভারতের ২১টি শহরের ভূ-গর্ভস্থ পানির স্তর নেমে যাবে। এর ফলে পানির সরবরাহ অনিয়মিত হবে এবং দূষণের মাত্রা বেড়ে যাবে।

গত সপ্তাহে দিল্লিতে জলশক্তি ও রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন। সেখানে নরেন্দ্র মোদি বলেন, স্বচ্ছ ভারত অভিযানের মতো জলশক্তি অভিযান চালানো হবে। স্বচ্ছ ভারত অভিযান যেভাবে সফল হয়েছে জলশক্তি অভিযানকেও সফল করতে হবে। এই অভিযানের প্রথম ধাপ মধ্য সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানান তিনি।

নরেন্দ্র মোদি তার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বলেন, পানি সংকট মেটাতে সারা দেশে একটি ফর্মূলা মেনে এগোনো সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করতে হবে। তবে লক্ষ্য একটাই, প্রতিটি পানির ফোঁটা সংরক্ষণ। আর এজন্য দেশের প্রতিটি নাগরিককে, বিশিষ্টজনদের এ কাজে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন তিনি।