ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৪ 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২০:০৩

সারাদেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন রোগী। 

বুধবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০৬ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৮৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন। আর গত এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৯৯ জনের।

ইত্তেফাক/ডিডি