নোয়াখালী-২ আসন 

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩৩

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার অভিযোগ পাওয়া গেছে। একই আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মোরশেদ আলমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেনবাগের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক (কাঁচি)। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোরশেদ আলমের সমর্থক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বাহার বাদী হয়ে গতকাল মঙ্গলবার বিকালে আমার ১২ কর্মীর বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা করেন। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি এ ঘটনার নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের লোকজন ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালয়। এসব ঘটনায় ভোটাররা আতঙ্কিত।’

সংবাদ সম্মেলনে সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরী, সাবেক পৌর মেয়র আবু জাফর টিপুসহ অনেকে উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/ডিডি