চট্টগ্রামের সীতাকুণ্ডে পর্যটন স্পর্টের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের হিমাগার, সিএনজির আলাদা লেন গড়ে তুলব বলে কথা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
লায়ন মোহাম্মদ ইমরান বলেন, আমার লক্ষ্য একটাই। শ্লোগানও একটা ‘অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়া’র প্রত্যয়। কিন্তু আমাকে থামিয়ে দেওয়ার জন্য আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য অনেক ষড়যন্ত্র করায় আমি ভোটারদের কাছে যেতে অনেক দেরি হয়ে গেছে। কারণ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটানিং অফিসার আমার মনোনয়পত্র বাতিল করে দেয়। এতে আমি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়ে আমার মনোনয়নপত্র ফিরে পেতে আমার অনেক সময় লেগে যায়। আবার চেয়ার মার্কার প্রার্থী মোজাম্মেল হোসেন মিথ্যা অযুহাত ও কল্পকাহিনী লিখে অভিযোগ তুলে সুপ্রিমকোর্টে লিভ টু আপিল করলে আদালত তার লিভ টু আপিল খারিজ করে দেয়। শেষ মুহূর্তেও ঈগলের ডানা ভেঙে দেওয়ার অপপ্রয়াস আল্লাহ নস্যাৎ করে দেয়। সবাই যখন নির্বাচনের প্রচারে ব্যস্ত তখনও আমরা প্রার্থীতা বহাল রাখার লড়াইয়ে ব্যস্ত। আর এ জন্য আমি ভোটারদের কাছে ক্ষমা চেয়ে বলব, আমি এ সমস্ত কারণে আপনাদের কাছে যেতে পারি নাই। তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের কাছে যাওয়ার চেষ্টা ত্রুটি রাখব না।
আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ ও ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, ভোটাররা আমাকে নির্বাচিত করলে আমি মহান সংসদে দাঁড়িয়ে এলাকার সমুদ্র সৈকতে বিনোদনমূলক আয়ের খাত, এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত পর্যটন স্পর্টগুলোসহ মুরাদপুর ইউনিয়নে অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকতে আন্তর্জাতিক মানের সেবা সৃষ্টি এবং স্থানীয় বিভিন্ন মিল কারখানাগুলোতে কর্মসংস্থান সৃষ্টির জন্য দাবিগুলো তুলে ধরব। কারণ এ উপজেলায় অনেক শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবক অহায়ত্বের গ্লানি নিয়ে জীবনের সময়টা নষ্ট করে ফেলছে। আর এ অঞ্চল হচ্ছে কৃষি উর্বর এলাকা। তাই কৃষকরা যাতে শীতকালীন উৎপাদিত সবজি সারা বছর বিক্রি করে লাভবান হতে পারে, সে জন্য আমি সংসদে দাবি জানাব কৃষকদের জন্য হিমাগার তৈরি করার।
ইমরান বলেন, এখানকার শীতকালীন টমেটো ও সিমের বীচি বিশ্বের অনেক দেশে রপ্তানি হয়। তাই হিমাগার থাকলে কৃষকরা তাদের উৎপাদিত টমেটো ও সিমের বীচিসহ অন্যান্য সব্জির ন্যায্য মূল্য পাবে।সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমান্তরালে বিশেষ সিএনজি অটোরিকশা লেন তৈরি করা।
স্বতন্ত্র প্রার্থী ইমরান জানান, শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে সীতাকুণ্ডে একটি সরকারি কলেজ (বালক)কে সরকারি করণের কার্যকারী উদ্যোগ নেওয়া হবে। অরক্ষিত সমুদ্র উপকূলে বেড়িবাঁধ নির্মাণ করার পাশাপাশি পাহাড়ি ঢলজনিত জলাবদ্ধতা নিরসনে পর্যাপ্ত স্লুইসগেট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। জাহাজভাঙা শিল্পের প্রসারে বিশেষ ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা, অত্যাধুনিক ও মডেল হিসেবে উপস্থাপন উপযোগী করার প্রথম পদক্ষেপ হিসেবে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীতকরণের কার্যকর ব্যবস্থা, পরিবেশ রক্ষার জন্য পাহাড়কাটা বন্ধ করাসহ জমিদখল ও যত্রতত্র কারখানার বর্জ্য অপসারণ রোধকল্পে পর্যাপ্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যথেষ্ট পরিমাণে ইটিপির ব্যবস্থাকরণ, সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুরে ফায়ার স্টেশন নির্মাণ, স্টেডিয়াম, শিশুপার্ক ও থিয়েটার ইনস্টিটিউট নির্মাণ, ২৫৬ কিলোমিটার গ্রামীণ কাঁচারাস্তা পাকাকরণ এবং চট্টগ্রাম-সীতাকুণ্ড বিকল্প সড়ক হাবিব রোডের মানোন্নয়ন করব।
সীতাকুণ্ডবাসীর উদ্দেশ্যে প্রাথী ইমরান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বৃহৎ পরিসরে তৃণমূলের খেটে-খাওয়া সাধারণ মানুষের সেবা করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি হবার বিকল্প নেই। তাই, সীতাকুণ্ডের মাটি ও মানুষের প্রতি ভালোবাসায় আমি লায়ন মোহাম্মদ ইমরান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কা নিয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) এলাকার সর্বসাধারণ মানুষের সামনে হাজির হয়েছি। সুতরাং আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দেওয়া অনুরোধ করেন। আর যারা তার এজেন্ট হবে এবং ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার স্বেচ্ছাসেবক কর্মী হবে তাদেরকে নির্ভয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, তাদের পাশে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য আইনুল কামাল, সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী ইমতিয়াজ ইকরাম এবং ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের বড় ভাই প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইকবাল।আরও উপস্থিত ছিলেন লায়ন ইমরানের পত্নী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন নিশাত ইমরান, সারতাজ মোহাম্মদ ইমরান, তাহিয়া নিশাত ইমরান, সারফারাজ মোহাম্মদ ইমরান, আমির নেওয়াজ, শিরিন আরা, জেরিন আরা, ফরিদুল আলম ও মোহাম্মদ আলীসহ সীতাকুণ্ড উপজেলার গণ্যমান্য এবং ব্যক্তিবর্গ।
