ঢাকার বাউনিয়া এলাকায় অসহায়, দুস্থ ও গরিব-দুঃখী মানুষের মধ্যে দুই হাজার ৫০০টি কম্বল বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। একই সঙ্গে অসহায় ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা করা হয়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ ও আর্থিক সহায়তা দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, এ ধরনের মানবিক কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়ার সহধর্মিণী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, অফিসার, অন্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
