বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। তাই এ বিষয়ে সাংবাদিক ইউনিয়ন এবং সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাংবাদিকদের অসামান্য অবদান রয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির সকল আন্দোলন-সংগ্রাম ও অর্জনে সাংবাদিকদের ভূমিকা অসামান্য। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও তাদের নিরাপত্তায় সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোল্লার সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
