আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এলাকায় নিয়মিত প্রচারণার অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি) বাঘার আড়ানী পৌর এলাকায় গণসংযোগ করেছেন নৌকার মাঝি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে-ওয়ার্ডে নির্বাচনী সভা ও পথসভায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়। এই জোয়ার দেখে মুগ্ধ হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি নির্বাচনের পর আড়ানী পৌর সভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে শাহরিয়ার আলম বলেন, আমি মানুষের ভালোবাসায় অভিভূত। যেখানেই যাচ্ছি সেখানেই জনগণের উপচেপড়া উপস্থিতি লক্ষ্য করছি। সবাই নৌকাকে যে ভাবে সমর্থন দিচ্ছেন তাতে করে আশা করা যায়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক আবারও বিশাল জয়ের সামনে দাঁড়িয়ে আছে। কোন চক্রান্তই এ জয় ঠেকাতে পারবে না। আমরা এই নির্বাচনের পর সন্ত্রাস নির্মূল, মাদকমুক্ত সমাজ গঠন ও বেকারত্ব দূরসহ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা এবং সকল দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণ করে ফেলব ইনশাল্লাহ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের পাশাপাশি ২০১৪ সালের মতো ‘একতরফা’ ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে। বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি, তারা ভোটে অংশ গ্রহণ না করার জন্য মানুষকে লিফলেট বিতরণ শুরু করেছে। আবার এও শুনতে পাচ্ছি, বিএনপি-জামায়াতের সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। তবে এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে হবে। কারণ বিএনপি-জামায়াত মানুষ পোড়ানো ও গাড়িতে অগ্নিসংযোগসহ বিদেশি চক্রান্তের মাধ্যমে সন্ত্রাসের রাজনীতি করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ নৌকা শান্তির প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক।
শাহরিয়ার আলম বলেন, প্রতিটা মানুষের একটা স্থায়ী ঠিকানা রয়েছে। আমার ঠিকানা বাঘার আড়ানী পৌর এলাকার চকসিংড়া গ্রাম। আমি আড়ানী পৌরবাসীকে কথা দিয়ে যাচ্ছি, এবার নির্বাচনের পর জনগণের জীবনমান উন্নয়ন ও এলাকাবাসীর স্বার্থে আড়ানী পৌর সভাকে দ্বিতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে নিয়ে যাব। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ কথা শুনে আনন্দিত হন পৌরবাসী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই ভোট উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আড়ানীর কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্নসচিব শফিকুল ইসলাম মুকুট, আড়ানী পৌর সভা থেকে বারবার নির্বাচিত সফল মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের নেতারা।
