খাজার সাহসের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:৫১

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে বেশ আলোচনার জন্ম দেন অস্ট্রেলিয়া ওপেনার ওসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে আইসিসির অনুমতি না নিয়ে কালো আর্ম ব্যান্ড পড়েছিলেন তিনি। যার ফলে আইসিসির তিরস্কারের শিকার হন খাজা। তবে তাতেও দমে না গিয়ে নিজের সিদ্ধান্তে অবিচল থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই অজি ওপেনার। খাজার এমন সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। 

ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন কিরিবিলি হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তান ও স্বাগতিক দলের ক্রিকেটারদের। সেখানে ফিলিস্তিন নিয়ে খাজার প্রতিবাদের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ বলেন, 'মানবিক মূল্যবোধের জন্য সে (খাজা) যে সাহস দেখিয়েছে, তার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে এবং দল তাকে সমর্থন করেছে। এই বিষয়টা কিন্তু দারুণ ছিল।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

বুধবার (৩ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। এই টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন আরেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

ইত্তেফাক/জেডএইচ