কুয়াশায় ঢাকা রাজধানীর আকাশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২৬

পৌষের শেষ ভাগে এসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন প্রায় স্থবির। সেই সঙ্গে ঢাকাতেও বাড়ছে শীত। মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকছে রাজধানীর আকাশ।

বুধবার (৩ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর আকাশে সূর্যের দেখা নেই। কুয়াশার কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেও ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অতি ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। যার ফলে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ইত্তেফাক/এসকে