নির্বাচনে জয়-পরাজয় থাকবেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, ‘জনগণ নৌকার কথা বলছে। উঠুক, নৌকা তো আমার দলেরও প্রতীক, আমি তো নৌকার বাইরের কেউ নই। তবুও ভোটের মাঠে স্বতন্ত্র হিসেবে (কেটলী প্রতীক) আছি।’
বুধবার (৩ ডিসেম্বর) রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার, টাওরা, গুতলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ভোট সুষ্ঠু হলে জয়ী হওয়ার আশাও প্রকাশ করেন।
রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগও করেন শাহজাহান ভূঁইয়া।
শাহজাহান ভূঁইয়া আরও বলেন, ‘গোলাম দস্তগীর গাজী আমার রাজনৈতিক সহকর্মী। একজন রাজনীতিবিদ হিসেবে তার প্রতি আমি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, নৌকা মানেই উন্নয়ন-সেটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন।’
রূপগঞ্জের স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘দলের হাইকমান্ড সুযোগ দেওয়ায় স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে আছি। আশা করি, ভোটাররা আমাকে নিরাশ করবেন না।’
পথসভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ‘এবারের নির্বাচনে দল থেকে সরাসরি নিষেধ না থাকায় কেউ কেউ নৌকার বিপরীতে গিয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষেই জনমত বেশি। আমরা শেখ হাসিনা মনোনীত প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী।’
