রাজশাহী-৬

বাঘার জনসমুদ্র বলে দিচ্ছে নৌকার বিজয় সুনিশ্চিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২২:১০

রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যারা মানুষের ভাগ্য নিয়ে খেলা করে, তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না। আমরা মানুষের ভাগ্য নিয়ে খেলা করি না, ভাগ্য গড়ি। এবং তাদের ভাত ও রুটি রুজির ব্যবস্থা করাসহ তাদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করে কাজ করি। এ কারণে শেখ হাসিনার প্রতি মানুষের এখনো আস্থা ও ভালোবাসা রয়েছে। আমি নির্বাচনের শেষ প্রান্তে এসে বাঘায় একটি পথসভার আয়োজন করতে বলেছিলাম। কিন্তু এটা যে জনসমুদ্রে পরিণত হবে সেটি কল্পনাও করিনি। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: নুরুজ্জামান

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি ২০১৪ সাল থেকে  পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে শেখ মুজিবের কথা বলেছি, বলেছি তার কন্যা শেখ হাসিনার কথা। তার নেতৃত্বে নারী ক্ষমতায়নের কথা বলেছি, কৃষকদের জন্য ক্ষতিকর জলবাযু পরিবর্তন নিয়ে কথা বলেছি, দারিদ্র বিমোচনের কথা বলেছি, বলেছি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা। 

শাহরিয়ার আলম বলেন, আমি ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে প্রচারণা শুরু করেছি। প্রতিদিন পায়ে হেঁটে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে-গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট চেয়েছি। এ সময় তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি তারা আমাকে চতুর্থবারের মতো আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন। আজকের উপস্থিত আমার কাছে তাদের সেই চাহনির কথা বার বার স্মরণ করিয়ে দিচ্ছে। 

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: নুরুজ্জামান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমার ১৫ বছরের উন্নয়ন দেখে এলাকার জনগণ আগামী ৭ জানুয়ারির নৌকায় ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। নৌকার বিরোধীতা করে আওয়ামী লীগ নেতা দাবি করা কাউকে সুযোগ দেওয়া যাবে না। আপনারা সাবধান, নৌকার বিরোধীকারীদের কাজ থেকে দূরে থাকতে হবে। আমার বিরুদ্ধে কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই। 

আমি ১৫ বছর স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে। এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে এগিয়ে নিতে সহায়তা করেছি। গত ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আমার ও নৌকার বিরুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা কেউ  সফলতা অর্জন করতে পারেনি। আসা করি এবারও পারবে না। তার প্রমাণ আজকে এই পথ সভায় ভোটারদের জনস্রোত। 

তিনি নৌকায় ভোট চেয়ে বলেন, আমি  বিজয় হলে আগামীতে চরাঞ্চল নিয়ে গঠিত চকরাজাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করব। উন্নয়নের রোল মডেল হিসেবে বাঘা ও চারঘাট উপজেলাকে স্মাট হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিবেন। মাদক দেশ ও জাতিকে ধবংস করে। এটি নির্মূল করার জন্য সর্বত্বক প্রচেষ্টা গ্রহণ করব। উন্নত শিক্ষার জন্য প্রয়োজনে মা সমাবেশের ব্যবস্থা করব। যে সমস্ত এলাকায় উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে সেগুলোকে খুব শিগগিরই বাস্তবায়ন করব। পরে বিকালে শাহরিয়ার আলম চারঘাট উপজেলায় অনুরূপ একটি পথ সভায় বক্তব্য রাখেন। 

বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি: নুরুজ্জামান

আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আবিদা সুলতানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সালেহ আহমেদ, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, রাজশাহী জেলা জাতীয় পার্টির আহবায়ক শামসুদ্দিন রিন্টু, বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অহাব, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান পিন্টুসহ অনেকে। 

এদিকে উক্ত সভায় এবারের নির্বাচনে চারঘাট-বাঘার জাতীয় পার্টির দলীয় প্রার্থী শামসুদ্দিন রিন্টু (প্রতীক লাঙ্গল) কয়েকদিন পূর্বে তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলেও সোমবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী জনসমভার মঞ্চে তিনি নৌকাকে সমর্থন দেন এবং তাদের দল সমর্থীত সকল নেতা-কর্মীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

ইত্তেফাক/পিও