এক বছর পেরোলেই শতবর্ষে পা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৯:৩৮

১ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল এ বিশ্ববিদ্যালয়। এবার দিবসটির প্রতিপাদ্য ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’। ১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষাব্যবস্থা অনুসরণে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। ঢাকা কলেজ ও জগন্নাথ কলেজের (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ডিগ্রি ক্লাসে অধ্যয়নরত ছাত্রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। শুধু ছাত্র নয়, শিক্ষক এবং লাইব্রেরির বই ও অন্যান্য উপকরণ দিয়েও এই                   দুইটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সহযোগিতা করে। এই সহযোগিতা দানের কৃতজ্ঞতা হিসেবে এ বিশ্ববিদ্যালযরে দু’টি হলের নামকরণ করা হয় ঢাকা হল (বর্তমানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল) ও জগন্নাথ হল।

প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন। এক বছর পেরোলেই শতবর্ষে পা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দেশসেরা এ বিদ্যাপীঠ ৯৯ বছরে পা রাখছে। ভাষা আন্দোলন থেকে   মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন থেকে ১/১১ এর সেনাসমর্থিত সরকারের কূটকৌশল থেকে জাতিকে মুক্তি দিতে অগ্রণী ভূমিকা রেখেছে এ প্রতিষ্ঠানটি। এবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে               কেক কেটে ও পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।