সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের হুমকি 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২২:৫৬

চট্টগ্রাম-৪ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্রের এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউনিয়নের ৫ ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে।
 
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরানের ঈগল প্রতীকের এজেন্টদের ভোটকেন্দ্রে কাজ না করার জন্য হুমকি দেওয়া হয়। 

ঈগল প্রতীকের নির্বাচনী এজেন্ট নিশাত ইমরান উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগে বলেন, তার প্রার্থীর কেন্দ্রের পোলিং এজেন্টদেরকে ভাটিয়ারী ইউনিয়নের মাইনুদ্দিন মেম্বার, ওয়াহিদ মেম্বার, ছাব্বির মেম্বার, শুক্কুর আলী মেম্বার, সলিমপুর ইউনিয়নের সাইমন মেম্বার ও মহিউদ্দিন মেম্বাররা ক্রমাগতভাবে মোবাইলে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

তবে অভিযুক্ত ভাটিয়ারী ইউনিয়নের শুক্কুর আলী মেম্বার জানান, তার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কারণ এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।

উপজেলা রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/ডিডি