চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের ঈগল প্রতীকের একজন এজেন্ট ও ২জন সমর্থকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রাম ও ওচমানপুরে ইউনিয়নে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে এ হামলা হয়। আহতরা হলেন নির্বাচনী এজেন্ট শরিফ উদ্দিন (৫৬), সমর্থক শহীদুল ইসলাম (৪০), পলাশ মল্লিক (৩৫) নামে দুইজন। এসময় নির্বাচনী এজেন্ট কার্ড ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট অভিযোগ করেন, শনিবার দুপুরে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী জসীমসহ আরও ১০-১২ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্বাচনী এজেন্ট শরীফের উপর হামলা চালায়। এসময় তার কাছ থেকে এজেন্ট কার্ড ছিনিয়ে নেয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন তারেক জানান, আহত শরিফ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এক প্রার্থীর এজেন্ট এর ওপর হামলার বিষয়টি ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিরসরাই আসনে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেল। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন।
আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৩৯, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮৪ এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ২ জন।
