সাংবাদিক দেখে ভোট দেওয়া ভোটারদের দিয়েই লাইন!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮

দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কিছু স্থানে ভোটের লাইনে ভোটার না থাকলেও জোর করে ভোট দিয়ে আসা ভোটারদের আবারও লাইনে দাঁড় করাতে দেখা গেছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কেন্দ্রের আশেপাশে দাঁড়িয়ে থাকা নৌকার ব্যাজধারী ভলান্টিয়াররা এ কাজ করেন।

সকালের দিকে বান্দরবান সদর পৌরসভায় ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সাড়ে ১০টার একটু আগেও সেখানে কোনো লাইন নেই। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে হঠাৎ নারী ও পুরুষদের পৃথক দুটি লাইন দাঁড়িয়ে যায়।

এ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের আঙুলে কালির দাগ আছে। জানতে চাইলে তারা গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে তারা ভোট দিয়েছেন। কিন্তু নৌকার কর্মীদের চাপে আবার লাইনে দাঁড়াতে হয়েছে।

ভোটারের লাইনের পাশে হাটাহাটি করতে থাকা কালাঘাটা এলাকার বাসিন্দা ও নৌকার কর্মী সুকুমার বড়ুয়া তাদের লাইনে দাঁড়াতে বলেছেন বলে জানান ভোটাররা। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কাউকে জোর করে লাইনে দাঁড় করাইনি। যারা ভোট দিয়েছে তারা চলে গেছে।

এদিকে, সিলেট নগরীর একটি ভোটকেন্দ্রে দেখা গেছে, ভোটার নন এমন কিছু নারী একসঙ্গে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর আবার চলে যান। রোববার সকালে নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে কুয়াশার কারণে এমনিতেই কেন্দ্রে ভোটার কম ছিল। বিশেষ কোনো লাইন ছিল না। কিন্তু সাড়ে ৯টার দিকে হঠাৎ করে একসঙ্গে দেড় শতাধিক নারী ভোটকেন্দ্রে প্রবেশ করেন। তারা কয়েকটি সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল। প্রায় পৌনে এক ঘণ্টা ওই নারীরা কেন্দ্রে এভাবে লাইনে অবস্থান করেন। পরে ভোট না দিয়েই তারা চলে যান।

ইত্তেফাক/এসকে