উত্সবটা মূলত ফ্যাশনের। বিশ্বের বাঘা বাঘা ফ্যাশন ডিজাইনাররা চম নিয়ে আসেন এখানে। আর চমকপ্রদ পোশাকগুলো সবার সামনে উপস্থাপন করেন মডেলরা।
তবে ‘প্যারিস ফ্যাশন শো’ এখন শুধু ফ্যাশনের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিবছরের আয়োজনেই এখানে হাজির হন বিশ্বের নামকরা অভিনেতা, অভিনেত্রী ও গায়করা। এ বছর প্যারিস ফ্যাশন শো অনুষ্ঠিত হয় গত ১ জুলাই। এই আয়োজনে দেখা যায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসকে। বিশ্বের নামকরা মডেলদের ভিড়েও তাঁরা ছিলেন উজ্জ্বল নক্ষত্রের মতো! সেখানে গাঢ় সবুজ ফ্লোয়িং গাউনে নজর কাড়লেন প্রিয়াঙ্কা। অন্যদিকে নিককে পাওয়া গেল অল ব্ল্যাক অবতারে। তাঁর জামার মাঝে বড় একটি ফুল ছিল, যা অনেকের নজরকাড়ে।
এই তারকা দম্পত্তির সঙ্গে দেখা যায় ওয়ান্ডার ওম্যান খ্যাত অভিনেত্রী গাল গাদোতকেও। সেখানে ভক্তদের নিরাশ করেননি তাঁরা। হাসিমুখে পোজ দিলেন চিত্রসাংবাদিকদের জন্যও। তাঁদের একসঙ্গে তোলা সেই ছবিগুলো এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এখানে হলিউড অভিনেত্রী সাইলি উডলিকেও দেখা যায়। তিনি পরেন সবুজ রঙের একটি পোশাক। তাঁর চোখের চশমা নিয়ে এরইমধ্যে বেশ আলোচনা হচ্ছে ফ্যাশন দুনিয়ায়। এছাড়া আমেরিকান মডেল জিজি হাদিদ দেখিয়েছেন নিজের স্বকীয়তা। বিভিন্ন রঙের পোশাকে দেখা যায় তাঁকে। উত্সবের শেষদিন থাই সংগীতশিল্পী লীসা ম্যানোবান হাজির ছিলেন। তাঁকে ঘিরেও আলোচনা কম হয়নি।
