সৌদির বিমানবন্দরে হুতিদের ফের ড্রোন হামলা, আহত ৯

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:০৬

সৌদি আরবের আভা বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে হামলাটি হয় বলে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।

হামলায় আহতদের মধ্যে একজন ভারতীয় ও বাকি আটজন সৌদি নাগরিক এবং তারা সবাই বেসামরিক বলে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর মাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে ইয়েমেনে লড়াইরত বাহিনীটি জানিয়েছে। আহতদের সবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তারা। প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সম্প্রতি হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে হুতিদের এক মুখপাত্র জানিয়েছেন, আভা বিমানবন্দরে ‘বড় অভিযান’ চালিয়েছেন তারা। 

হামলার পর আভা বিমানবন্দরে ফের বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন। গত মাসে আভা বিমানবন্দরে চালানো আরেকটি ড্রোন হামলায় সৌদি আরবের বসবাসকারী এক সিরীয় নাগরিক নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল হুতিরা।