এএফসি কাপ ফুটবল

আবাহনীর প্রতিপক্ষ উত্তর কোরীয় ক্লাব

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:৪৬

আবাহনী এএফসি কাপ ফুটবলের পরের রাউন্ডে কঠিন প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি-ফাইভের সঙ্গে পড়েছে। তাদের আরেকটি নাম হচ্ছে ২.২৫ স্পোর্টস ক্লাব।

আগামী ২১ আগস্ট ঢাকায় দুই দলের প্রথম ম্যাচ হবে। এরপর ২৮ আগস্ট ফিরতি ম্যাচ হবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে। নকআউটের এই ম্যাচটি ইন্টার জোন সেমিফাইনাল। এই বাধা পার হলে আরেকটি ম্যাচ পাবে আবাহনী। সেখানে ইন্টারজোন ফাইনাল খেলবে আবাহনী। উত্তর কোরিয়ার ক্লাবটি দুই নামে পরিচিত হলেও তারা যে আবাহনীর জন্য বড় বাধা, তা নিশ্চিত। এমন আশঙ্কা করছেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসও।

গতকাল এএফসিতে আবাহনীসহ অন্যান্য দলের ড্র অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আবাহনীর কোচ মারিও লেমস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খুব কঠিন প্রতিপক্ষ উত্তর কোরিয়ার দলটি। তারা সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ দল, তাদের সঙ্গে খেলাটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা হবে। এমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে গেলে আমাদেরও খেলায় সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে। আমাদের খেলোয়াড়দের জন্য এটা নিজেদের বড় মঞ্চে প্রমাণ করার একটা সুযোগ।’

জানা গেছে, উত্তর কোরীয় ক্লাবটির বেশির ভাগ ফুটবলার সেনাসদস্য। দলটি এএফসি কাপের গত আসরে জোনাল ফাইনাল পর্যন্ত খেলেছিল। আবাহনীর কোচ মারিও বিপক্ষ সম্পর্কে খোঁজ নিয়ে বললেন, ‘এএফসি গ্রুপ পর্বে যেসব ম্যাচ খেলেছি, তার চেয়ে অনেক কঠিন প্রতিপক্ষ এটি। এই দলের সঙ্গে আমরা হয়তো লড়াই করতে পারব, তবে ম্যাচ জেতাটা কঠিন হয়ে যাবে। তাই এই পর্বে আমাদের দলটাও আরেকটু গুছিয়ে নেওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘আমাদের মাঝ মাঠে খামতি আছে, সেখানে একজন ভালো বিদেশি যোগ করা দরকার। দলের ছোটোখাটো খুঁত সারিয়ে রিচার্জ করে নিতে হবে। এ ব্যাপারে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা সভা হবে, এরপর দলের খুঁটিনাটি নিয়ে চূড়ান্ত হবে।’